আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান আখ্যা দিয়ে এর সব সদস্য রাষ্ট্রকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর সদস্য কিংবা অন্য কোনও মার্কিন নাগরিককে এমন কোনও প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনও এখতিয়ার নেই।
আইসিসিকে সমালোচনা করে ট্রাম্প বলেন, এটি একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা একটি ট্রাইব্যুনাল। এ অবস্থান থেকে তিনি আইসিসির সদস্য সব দেশকে সংস্থাটি থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং রোম সংবিধিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি। ফলে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে ট্রাম্পের এ আহ্বান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আইসিসিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভাষণে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এসব সংস্থা বিশ্বের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং অভিবাসন প্রয়োগসংক্রান্ত মার্কিন নীতির সমালোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এ অধিবেশনে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সরাসরি অংশ নিচ্ছেন।
সবার দেশ/কেএম




























