প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
এ সময় বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার অনুযায়ী বিশ্বব্যাংকের সহায়তা ও অংশীদারত্ব আরও কার্যকরভাবে এগিয়ে নেয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি বিশ্বনেতা, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
সবার দেশ/কেএম




























