রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, স্থানীয় চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভা পর্যন্ত যেতে পারছেন না। তাদের চাকরির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি লিখিত পরীক্ষায় পাস করার পর তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় ফজলুর রহমান বলেন,
এ গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেবো।
তিনি স্থানীয় চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা যেন প্রয়োজনীয় কাগজপত্রসহ তার সঙ্গে যোগাযোগ করেন। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা ও সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগের ক্ষেত্রে তিনি পাশে থাকার কথাও জানান।
ফজলুর রহমানের বক্তব্যের আগে স্থানীয় অনেক চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভাইভা বা পরবর্তী ধাপে সুযোগ না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এ পরিপ্রেক্ষিতে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।
জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























