গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
প্রতিদিন পেট্রোল বোমা নিক্ষেপ, ১০০ শাখায় হামলার অভিযোগ; অপরাধীদের দ্রুত বিচারের দাবি।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলায় জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দরিদ্র নারীদের মালিকানাধীন এ ব্যাংক রক্ষায় দেশ-বিদেশের সচেতন মানুষকে হামলাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। বিবৃতিতে তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন।
অধ্যাপক ইউনূস জানান, চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কর্মজীবন ও উদ্যোগের সূচনা হয়েছিলো, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পথ তৈরি করে। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
প্রতিদিন পেট্রোল বোমা হামলার অভিযোগ
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তার ভাষ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হচ্ছে। হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে এসব ঘটনার পেছনে সংগঠিত পরিকল্পনা এবং ওপরের পর্যায় থেকে নির্দেশনা থাকার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা এমন একটি প্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করছে, যার মালিক দেশের দরিদ্র মানুষ, বিশেষত প্রান্তিক নারীরা। ব্যাংকের শাখাগুলোতে হামলা শুধু স্থাপনা বা আর্থিক সম্পদের ক্ষতি নয়, বরং লাখ লাখ নারীর জীবিকা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার ওপর আঘাত।
১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী
গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ও মালিকানা কাঠামো তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠান। দুই দশক আগে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, সামাজিক মর্যাদা অর্জন, ব্যবসা পরিচালনা এবং সন্তানদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির প্রকৃত মালিক। তাদের সঞ্চয়, ঋণ, ব্যবসা ও ব্যাংকের মুনাফায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
অধ্যাপক ইউনূসের মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাধীনতা, জীবিকা এবং তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। ব্যাংকটির ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য এ সহিংসতা নতুন করে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি করছে।
প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা
বিবৃতিতে অধ্যাপক ইউনূস জানান, বেশ কয়েকটি হামলার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনা ব্যাংকের সঙ্গে যুক্ত লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংক অনেক পরিবারের জীবিকা নির্বাহ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন। ব্যাংকটির কার্যক্রম ব্যাহত হলে এর প্রভাব শুধু ঋণগ্রহীতাদের ওপর নয়, তাদের পরিবারের সদস্যদের জীবনেও পড়বে।
অধ্যাপক ইউনূসের অভিযোগ, ব্যাংকের শাখাগুলোতে হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একই ধরনের সহিংসতা চালানো হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
‘গ্রামীণ ব্যাংকের মালিক আমি নই’
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, হামলাকারীরা ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে।
তিনি স্পষ্ট করে বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মালিক তিনি নন এবং ব্যাংকের কোনও শেয়ারের মালিকানা কখনও তার ছিলো না।
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই।
নিরাপত্তা জোরদার ও দ্রুত বিচারের দাবি
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ব্যাংকটির কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এবং দরিদ্র নারীদের আর্থিক সেবা অব্যাহত থাকে, সে জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান অধ্যাপক ইউনূস। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। তবে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, প্রতিটি অপরাধীকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার ওপর জোর দেন।
একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নিতে হবে।
বিবৃতির শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার বিরুদ্ধেও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সবার দেশ/এমকেজে




























