৫০ ওভারের ম্যাচে ৮২২ রান! প্রতিপক্ষ অলআউট মাত্র ২৮-এ!
ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়ার গল্প নতুন নয়। তবে এবার জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে যা ঘটেছে, তা যেন কল্পনাকেও হার মানিয়েছে। ৫০ ওভারের এক ম্যাচে এক দল তুলেছে অবিশ্বাস্য ৮২২ রান, আর সে লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষ গুটিয়ে গেছে মাত্র ২৮ রানে।
জিম্বাবুয়ের ঘরোয়া লিগের এ ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব ও মিথেন লায়ন্স। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২২ রানের পাহাড় গড়ে।
এর জবাবে ব্যাট করতে নেমে মিথেন লায়ন্স কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। স্করপিয়ন্সের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ২৮ রানেই অলআউট হয়ে যায় দলটি। ফলে ৭৯৪ রানের অবিশ্বাস্য ব্যবধানে জয় তুলে নেয় স্করপিয়ন্স।
যদিও ম্যাচটি আনুষ্ঠানিক লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত নয়, তবুও এ স্কোর ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ২০২৩ সালে ভারতের বিজয় হাজরে ট্রফিতে বিহার ক্রিকেট টিম অরুণাচল প্রদেশের বিপক্ষে ৪ উইকেটে ৫৭৪ রান করেছিলো, যা দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় স্কোর হিসেবে পরিচিত ছিলো। কিন্তু জিম্বাবুয়ের এ ম্যাচ সে রেকর্ডকে বহুদূরে ছাপিয়ে গেছে।
স্করপিয়ন্সের বিশাল ইনিংসের নায়ক ছিলেন দুই ওপেনার তাকুন্ডা মাদেম্বো ও উইনফেড মাতেন্ডে।
ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে তাকুন্ডা মাদেম্বো মাত্র ১৪৩ বলে ৩০২ রানের বিস্ময়কর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫০টি চার ও ৭টি ছক্কা।
অন্যদিকে উইনফেড মাতেন্ডে মাত্র ৭৫ বলে ২০৩ রান করেন। তার ব্যাট থেকে আসে ২৩টি চার ও ১৩টি ছক্কা।
এছাড়া তিন নম্বরে ব্যাট করতে নেমে ভিনসেন্টে মোয়ো ৩৯ বলে ৭৮ রান করেন। পরে গ্যাব্রিয়েল জায়া মাত্র ৪৯ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
ম্যাচের প্রথম ইনিংসে উইকেটকে পুরোপুরি ব্যাটিং স্বর্গ মনে হলেও দ্বিতীয় ইনিংসে দৃশ্যপট বদলে যায়। একই পিচে স্করপিয়ন্সের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মিথেন লায়ন্সের ব্যাটাররা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও এক ইনিংসে ৮২২ রান এবং ৭৯৪ রানের জয়—দুই ঘটনাই ক্রিকেট ইতিহাসের অন্যতম বিস্ময়কর পরিসংখ্যান হয়ে থাকবে।
সবার দেশ/কেএম




























