কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরের কবি বে-নজির বাগান জামে মসজিদে সৃজনশীল সাহিত্য সংগঠন ‘গানের কবি প্রাণের কবি নজরুল’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অ্যাডভোকেট কে এম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছড়াকার ফরিদ সাইদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফররুখ আহমদের ছেলে ওয়াহিদুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক বদরুল আলম মনির, লেখক ও গবেষক সোহেল মো. ফখরুদ-দীন এবং সংগঠক ডা. মআআ মুক্তাদীর।
আলোচনা সভায় বক্তারা কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম, সৃজনশীলতা ও বাংলা সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা করেন। তারা কবিকে উচ্চমানের সাহিত্যিক ও পরিচ্ছন্ন চিন্তাধারার অধিকারী একজন কবি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম তুলে ধরতে কবির লেখা নিয়মিত পাঠ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ। তার কবিতা ও সাহিত্যভাবনা নতুন প্রজন্মের পাঠকদের কাছে পৌঁছে দিতে এ ধরনের আলোচনা ও সাহিত্য আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠে অংশ নেন কবি সালেহ মাহমুদ, তাইরান সম্পাদক কবি ও সাংবাদিক তাসনীম মাহমুদ, কবি জাফর পাঠান, কবি খান কাওসার কবির, কবি ওসমান মাহমুদ, কবি গিয়াস হায়দার এবং বে-নজির বাগান জামে মসজিদের খাদেম আবদুল করিমসহ ফররুখ অনুরাগীরা।
আলোচনা শেষে কবি ফররুখ আহমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সবার দেশ/কেএম




























