Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

সিগারেটের দাম বাড়লো ৩ টাকা

সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
ছবি: সংগৃহীত

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকায় ৩ টাকা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের বিষয়ে জারি করা দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। আলোচনার পর প্রস্তাবটিতে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার বিদ্যমান সর্বোচ্চ খুচরা মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’ থেকে পরিবর্তন করে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করছে, নিম্নস্তরের সিগারেটের দাম পুনর্নির্ধারণের ফলে এ পণ্যের অবৈধ বাণিজ্য কমবে। পাশাপাশি সিগারেট খাত থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, সেটিও কিছুটা কমানো সম্ভব হবে।

এদিকে একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াত দেয়ার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কসহ বিভিন্ন ধরনের কর অব্যাহতি সুবিধা দেয়া হবে।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ দেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর।

সরকারের আশা, চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়বে এবং দুই পক্ষের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: