Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ৭ অক্টোবর ২০২৬

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-কার্ড সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-কার্ড সেবা দ্রুত চালুর নির্দেশ
ছবি: সংগৃহীত

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহত থাকা প্রায় ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এর ফলে কিউ-ক্যাশের সঙ্গে যুক্ত কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট কিছু ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ডেকে পাঠিয়ে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে। পাশাপাশি গ্রাহকদের ভোগান্তি কমাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে যেসব ব্যাংক সরাসরি এনপিএসবির সঙ্গে যুক্ত, সেসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লেনদেনও স্বাভাবিক রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-সহ অন্যান্য পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে সচল রয়েছে।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন ডিজিটাল সেবা বন্ধ বা সীমিত হয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। ব্যাংকভেদে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস), কার্ড লেনদেন, আন্তব্যাংক অর্থ স্থানান্তর এবং কিউআর পেমেন্টসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের দেয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। কোনও সেবা সাময়িকভাবে বন্ধ থাকলে প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের কথাও বলা হয়েছে।

সবার দেশ/কেএম