১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) টানা ১৬ দিন ধরে বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সামনে গুরুত্বপূর্ণ সেমিস্টার সমাপনী ও চূড়ান্ত পরীক্ষা। এমন সময়ে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রতিষ্ঠানটির ২৮৮ শিক্ষার্থী।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা আইএইচটির পাওয়ার হাউসের গ্রিল কেটে ট্রান্সফরমারের মূল্যবান তার চুরি করে নিয়ে যায়। এর পর থেকেই বিদ্যুৎ সরবরাহে দেখা দেয় তীব্র ভোল্টেজ ওঠানামা। এতে আবাসিক হলের ফ্যান, লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হতে থাকে। একপর্যায়ে ট্রান্সফরমার ও মূল নিয়ন্ত্রণ ইউনিট পুড়ে গেলে পুরো ক্যাম্পাস বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানটিতে বর্তমানে ল্যাবরেটরি ও ফার্মেসি বিভাগে মোট ২৮৮ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের সবাই আবাসিক। বিদ্যুৎ ও পানির স্বাভাবিক সংযোগ না থাকায় হলের জীবনযাত্রা ও পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতির কারণে ৭ সেপ্টেম্বর থেকেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ক্যাম্পাস সচল রাখতে বিকল্প হিসেবে সোলার সিস্টেম চালু করা হলেও তা দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, পুরো আবাসিক হল প্রায় ফাঁকা। হাতে গোনা ১০ থেকে ১২ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। বিদ্যুৎ না থাকায় তীব্র গরম ও অন্ধকারের মধ্যে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের মৌখিক পরীক্ষা এবং অন্যান্য বর্ষের সেমিস্টার সমাপনী পরীক্ষা সামনে। এ সময়ে ক্লাস ও আবাসিক সুবিধা বন্ধ থাকায় তাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক সরকার বলেন, সামনে এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, অথচ পড়াশোনা তো দূরের কথা, টিকে থাকাটাই দায় হয়ে পড়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহমান সরকার বলেন, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণেই আইএইচটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ট্রান্সফরমারটি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি হওয়ায় নতুন ট্রান্সফরমার কিনে স্থাপন করার পরই বিদ্যুৎ সংযোগ চালুর ব্যবস্থা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইএইচটির অধ্যক্ষ মো. আবদুল কুদ্দুস মণ্ডল বলেন, তার চুরির পর ভোল্টেজের তীব্র ওঠানামার কারণে বৈদ্যুতিক যন্ত্রাংশসহ মূল ট্রান্সফরমারটি পুড়ে যায়। বিদ্যুৎহীন ও তীব্র গরমের মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের রাখা নিরাপদ ও মানবিক ছিলো না। এ কারণে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেই ছুটি বাতিল করা হবে। এরপর পুনরায় ক্লাস ও পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।
তবে গুরুত্বপূর্ণ পরীক্ষার ঠিক আগে টানা ১৬ দিন ধরে একটি স্বাস্থ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সবার দেশ/কেএম




























