অনিয়মের অভিযোগ
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তাদের পদত্যাগের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এসএম আব্দুল হামিদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে ব্যাংকটির চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়। তাদের নিয়ে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিলো।
এরপর বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে সুদ মওকুফসহ ব্যাংকটির বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। এসব অনিয়মের সঙ্গে আতাউর রহমান ও মহসিন মিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানান পরিদর্শক দলের সদস্যরা। তাদের অপসারণের সুপারিশও করা হয়।
পরবর্তী সময়ে আরেকটি পরিদর্শনেও বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে। এসব বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের পদত্যাগ করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগ করেন এবং বাংলাদেশ ব্যাংক তা গ্রহণ করে।
নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























