Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৩০ অক্টোবর ২০২৬

১ নভেম্বর সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ

১ নভেম্বর সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও ওই দিন থেকে শুরু হচ্ছে না পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

তবে ১ নভেম্বর থেকেই সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহীদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট চালু করা হবে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, জাহাজ চলাচলের আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করতে আরও কয়েক দিন সময় প্রয়োজন। এ কারণে ১ নভেম্বর থেকে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট এবং সুগন্ধা পয়েন্টের দি সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভা শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্ধারিত শর্ত বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নির্ধারিত শর্তের কোনও ব্যত্যয় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য নৌপরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতর থেকে ইতোমধ্যে তিনটি জাহাজের অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া আরও সাতটি জাহাজের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া তিনটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, এ বছর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পেলেও আরও কিছু দাপ্তরিক কার্যক্রম বাকি রয়েছে। সেসব কাজ শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কবার্তা
লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল
১ নভেম্বর সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ
শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাতের
সরকারি বাসা সাবলেটে বরাদ্দ বাতিল
ই-রিকশার গতি ও ফি নির্ধারণ
হেমন্ত সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরামের মিলনমেলা
ঠাকুরগাঁও-১ এ বিপুল ভোটে বিএনপির ফয়সল জয়ী
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
তুরাগ নদে মিললো সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ
সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত