কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
কফি খেতে চান? তাহলে বিলটা দিতে হবে আপনাকেই, আর সঙ্গী হিসেবে থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান! ভক্তদের এমন মজার আমন্ত্রণ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। তার ছোট্ট শর্ত ঘিরে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে হাসি-ঠাট্টা আর মজার মন্তব্যের পালা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় সাদা ক্যাজুয়াল পোশাকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া আহসান। ছবিগুলোতে কখনো কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, কখনও মিষ্টি হাসিতে তাকিয়েছেন ক্যামেরার দিকে। সাধারণ সাজেও তার গ্ল্যামার আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

তবে ছবির চেয়েও বেশি কৌতূহল তৈরি করেছে জয়ার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন,
কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!
ব্যস, এতেই জমে উঠেছে ভক্তদের আড্ডা! প্রিয় অভিনেত্রীর সঙ্গে এক কাপ কফি খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চান? তবে কফির বিল নিজের পকেট থেকে দিতে হবে—এ শর্ত নিয়েও মজার সব প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

এক ভক্ত শুভ সাহা মন্তব্য করেছেন, সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন। আরেকজন লিখেছেন, কফি খাবো না বুড়ির সাথে মুড়ি খাবো। কেউ আবার রসিকতা করে প্রশ্ন তুলেছেন, সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেয়ার পরও হাসি থাকবে তো?
জয়ার এমন খুনসুটিপূর্ণ পোস্টে ভক্তদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, পর্দার বাইরেও তার রসবোধ ও সহজ-স্বাভাবিক ভঙ্গি অনুরাগীদের আকৃষ্ট করে। কফির নিমন্ত্রণটি নিছক মজার হলেও, ক্যাপশনের অভিনবত্বে পোস্টটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের বাংলা সিনেমায় সমানভাবে প্রশংসিত জয়া আহসান দীর্ঘদিন ধরেই নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। দুই বাংলার চলচ্চিত্রে তার জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনি সোশ্যাল মিডিয়ায়ও তার ছবি ও ব্যক্তিগত মুহূর্তগুলো ঘিরে ভক্তদের আগ্রহ দেখা যায়।

অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ভারতের ফিল্মফেয়ার পুরস্কার (ইস্ট) অর্জন করেছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এমন প্রাণবন্ত মুহূর্ত ভাগ করে নেয়ার মধ্য দিয়েও ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রাখছেন এ অভিনেত্রী।
এখন প্রশ্ন একটাই—জয়ার সঙ্গে কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে রাজি আছেন তো?
সবার দেশ/কেএম




























