সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটিতে থাকা অন্য যাত্রীদের মধ্যে আরও কেউ জীবিত আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী ডাকার ও দেশটির উত্তরের শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী কেবেমার অঞ্চলের লুম্পুল বালিয়াড়ির কাছে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই একই অঞ্চলের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র লে সোলেইল। দুর্ঘটনাস্থল পরিদর্শনে সোমবার সেখানে যাওয়ার কথা রয়েছে সেনেগালের স্বরাষ্ট্রমন্ত্রীর।
পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির ঘটনা নিয়মিত ঘটছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সংস্থাটির হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। একই সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জন অভিবাসীর বিপরীতে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত জুলাইয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছিল, ইউরোপে যাওয়ার পথে মৌরিতানিয়ার উপকূলে এক সপ্তাহের মধ্যে নৌকাডুবির ঘটনায় প্রায় ১৫০ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জনকে উদ্ধার করা হয়েছিলো।
এ ছাড়া গত বছরের নববর্ষের সময় গাম্বিয়া উপকূলে ২০০ জনের বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। রেড ক্রসের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনার পর ৪৪ জনের লাশ উদ্ধার করা হয়েছিলো।
উন্নত জীবনের আশায় পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। কিন্তু অনিরাপদ নৌযান, অতিরিক্ত যাত্রী বহন এবং বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই এসব যাত্রা প্রাণঘাতী হয়ে উঠছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
সবার দেশ/কেএম




























