গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
অপারেশন থিয়েটারসহ পাঁচতলা ভবনের সব তলায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিপাকে অসহায় রোগীরা।
গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুই দফা হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যত বন্ধ হয়ে গেছে। পাঁচতলা ভবনের চারটি তলায় পরিচালিত হাসপাতালের প্রায় সব চিকিৎসা সরঞ্জাম, আসবাব, ওষুধ, কেবিন, ওয়ার্ড, চিকিৎসকের চেম্বার ও দুটি অপারেশন থিয়েটার ধ্বংস করা হয়েছে। আগুনে পুড়ে এবং ভাঙচুরের কারণে হাসপাতালটি এখন চিকিৎসাসেবা দেয়ার অনুপযোগী।
গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালটির মালিক গোপালগঞ্জ সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবর। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা নিতে আসা বহু দরিদ্র ও অসহায় রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সোমবার হাসপাতালটির ভবনে গিয়ে দেখা যায়, পাঁচতলার পুরো ভবনজুড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। কোথাও আসবাবপত্রের পোড়া ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম পড়ে আছে। ভবনের কোনও তলার জানালা-দরজার কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্র ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী পুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আগুনের তাপে দেয়াল ও মেঝের টাইলস পর্যন্ত খসে পড়েছে। ভবনের ভেতরে এখনও পোড়া গন্ধ ছড়িয়ে রয়েছে।
নিচতলা থেকে চারতলা—সবখানেই ধ্বংসযজ্ঞ
হাসপাতালের নিচতলায় প্রবেশ করতেই বাম পাশে দেখা যায় সংসদ সদস্য ডা. কেএম বাবরের বসার কক্ষ। কক্ষটির আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। পাশেই স্টোররুম, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, দুটি ওয়াশরুম, চিকিৎসকদের তিনটি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার। এসব কক্ষের কোনও কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। ফ্রিজ, ওষুধ, চিকিৎসাসামগ্রী, কাগজপত্র ও আসবাব ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
দ্বিতীয় তলায় হাসপাতালের দুটি অপারেশন থিয়েটার (ওটি)। সেখানে অপারেশন টেবিল ও অপারেশন লাইটসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ওষুধ ও মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। এ তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেয়া হয়েছে। রোগীদের শয্যা, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলিয়ে আটটি কক্ষ রয়েছে। সেখানেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোনও কক্ষই স্বাভাবিক অবস্থায় নেই।
চতুর্থ তলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। সেখানে এসিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। চিকিৎসাসেবার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়েছে। হাসপাতালের পাঁচতলায় এখনও চিকিৎসাসেবা চালু হয়নি।
বিনামূল্যে চিকিৎসা পেতেন প্রতিদিন প্রায় ১২০ রোগী
হাসপাতালটির চিকিৎসাসেবা শুধু ব্যবসায়িক কার্যক্রম ছিলো না; স্থানীয় অনেক দরিদ্র মানুষের কাছে এটি ছিলো স্বল্প খরচে কিংবা বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অন্যতম ভরসা। হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ সদস্য ডা. কেএম বাবর ও তার স্ত্রী গাইনি চিকিৎসক ডা. রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন।
হাসপাতালের বহির্বিভাগে সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতেন। ছোটখাটো কাটাছেঁড়া ও প্রাথমিক চিকিৎসার জন্যও রোগীদের কাছ থেকে টাকা নেয়া হতো না। নামমাত্র খরচে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হতো। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হতো বলে হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া কবির হোসেন, হালিমা বেগম, মারুফা আক্তার, পপি খানম ও জান্নাতুল ফেরদৌসী জানান,
তারা ডা. বাবর ও তার স্ত্রীর কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। ব্যবস্থাপত্রের জন্য কোনও টাকা দিতে হয়নি। বহির্বিভাগে ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসাও বিনামূল্যে পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য এটি বড় ক্ষতি। তিনি দ্রুত হাসপাতালটি চালু করার দাবি জানান।
‘হাসপাতাল ভেঙেছে, দুঃখ নেই; সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে’
হাসপাতালটির মালিক সংসদ সদস্য ডা. কেএম বাবর হামলার ঘটনায় ব্যক্তিগত ক্ষতির চেয়ে সাধারণ মানুষের ক্ষতিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন,
আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।
হাসপাতালে হামলার প্রসঙ্গে তিনি বলেন,
জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ চলাকলেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।
ডা. বাবরের বক্তব্যে হাসপাতাল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। তার মতে, রাজনৈতিক প্রতিহিংসা বা সংঘাতের কারণে কোনো চিকিৎসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তার ভুক্তভোগী শেষ পর্যন্ত সাধারণ মানুষই হন।
১৪ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন স্বামী-স্ত্রী
ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তার স্ত্রী চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তাদের চেম্বারে আসা রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার জন্য কখনও টাকা নেয়া হয়নি।
২০২০ সালে গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। গত বছর হাসপাতালটি শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমির ওপর নির্মিত নতুন ভবনে স্থানান্তর করা হয়। ভবনটির প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট।
হাসপাতালটির পরিচালনার দায়িত্বে ছিলেন তার স্ত্রী ডা. রাবেয়া খাতুন। তিনি প্রতিদিন প্রায় ৫০ জন রোগী দেখতেন। অন্যদিকে ডা. বাবর প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগীকে চিকিৎসাসেবা দিতেন। তাদের কেউই রোগীদের কাছ থেকে চিকিৎসক দেখানোর ফি নিতেন না। হাসপাতালের বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসা দেয়া হতো।
দুই দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
হাসপাতালটিতে প্রথম হামলার ঘটনা ঘটে গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ২০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা হাসপাতালের নিচতলায় প্রবেশ করে অভ্যর্থনাকক্ষ, চিকিৎসকদের চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও সংসদ সদস্য ডা. বাবরের কক্ষে ভাঙচুর চালান।
এরপর বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে ওই দিন হামলাকারীরা হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ওয়ার্ড ও কেবিনে প্রবেশ করেননি।
প্রথম হামলার সময় হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় চারজন নারী রোগী ভর্তি ছিলেন। হামলা ও আতঙ্কের কারণে তারা হাসপাতাল ছেড়ে চলে যান। তাদের একজন ওই দিন দুপুর ১২টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন। মাত্র আট ঘণ্টা বয়সী নবজাতককে নিয়ে ওই প্রসূতিকেও হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন।
পরদিন ১৯ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় হাসপাতালে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা ভবনের সব তলায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে হাসপাতালের অবশিষ্ট চিকিৎসা সরঞ্জাম, আসবাব, কেবিন, ওয়ার্ড ও বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যায়।
নিরাপত্তার অভাবে আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস
হাসপাতালটিতে অগ্নিসংযোগের খবর ফায়ার সার্ভিস পেয়েছিলো বলে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার। তবে নিরাপত্তার অভাবে তারা গাড়ি ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে যেতে পারেননি।
তিনি বলেন, ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়ি বের করার কোনও সুযোগ ছিলো না।
ফলে হাসপাতালটির আগুন নেভানোর কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব হয়নি। আগুনে ভবনের বিভিন্ন তলা, চিকিৎসা সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চিকিৎসাসেবা বন্ধ, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ
আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধ্বংস হয়ে যাওয়ায় গোপালগঞ্জ শহরের অনেক দরিদ্র ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে অস্ত্রোপচার ও নিয়মিত পরামর্শের সুযোগ হারিয়ে তারা এখন বিকল্প চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
রাজনৈতিক সংঘাতের জেরে একটি চিকিৎসাপ্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা শুধু ভবন, আসবাব কিংবা যন্ত্রপাতির ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে রোগীদের চিকিৎসার অধিকার, অসহায় মানুষের জীবন ও জনস্বার্থ। হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় সে ক্ষতির বোঝা এখন সবচেয়ে বেশি বহন করছেন সাধারণ মানুষ।
সবার দেশে/এমকেজে




























