২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে লাল-সবুজের দল খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে।
আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এরপর ডারবানে টানা দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। শোয়ানে অনুষ্ঠিত এ ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।
২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ খেলবে ১৪টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।
বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ ও ‘বি’—দুটি গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল থাকবে। এর আগে অনুষ্ঠিত হবে তিন দলের সুপার সিরিজ।
‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ছাড়া এ গ্রুপে রয়েছে আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি একনজরে—
- ৮ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড, উইন্ডহোক
- ১২ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড, কুগোম্পো সিটি
- ১৬ অক্টোবর ২০২৭ — শ্রীলঙ্কা, ডারবান
- ১৯ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা, ডারবান
- ২৩ অক্টোবর ২০২৭ — বাছাইপর্ব পেরিয়ে আসা দল, শোয়ানে
সবার দেশ/কেএম




























