Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২০ জুলাই ২০২৬

দুই মাসে চাঁদাবাজিমুক্ত করার আশ্বাস আইজিপির

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং যান চলাচল আরও নিরাপদ করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভি নজরদারি চালু করেছে হাইওয়ে পুলিশ। এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।

সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন সিসিটিভি নজরদারির আওতায় এসেছে। একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কেও।

তিনি জানান, সিসিটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে হাইওয়ে পুলিশ কেন্দ্রীয়ভাবে দুই মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে ডাকাতি, মাদক পরিবহন, অপরাধী শনাক্তকরণ এবং যান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

ফারুক আহমেদ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার আনুষ্ঠানিক দায়িত্ব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া চলছে। তবে আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই হাইওয়ে পুলিশ অনানুষ্ঠানিকভাবে এ নজরদারি ব্যবস্থা পরিচালনা করছে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনা হবে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, মহাসড়কে তাদের প্রধান দুটি দায়িত্ব হলো ডাকাতি, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমন এবং যানজট কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সে লক্ষ্য অর্জনে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে জনগণের আস্থা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের সম্পৃক্ত করতে কমিউনিটিভিত্তিক পুলিশিংও শক্তিশালী করা হচ্ছে।

গত ৭ জুলাই হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেয়া ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, দেশের মহাসড়ককে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করতে তিনি বদ্ধপরিকর।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে মহাসড়ককে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করতে সক্ষম হব বলে আমি আত্মবিশ্বাসী।

তিনি আরও আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে হাইওয়ে পুলিশের সদস্যদের বিরুদ্ধে যানবাহন থেকে অর্থ আদায়ের কোনx অভিযোগ থাকবে না।

ফারুক আহমেদ জানান, বর্তমানে সারা দেশে হাইওয়ে পুলিশের ৭৩টি থানা রয়েছে। আরও কার্যকর সেবা নিশ্চিত করতে থানার সংখ্যা বৃদ্ধি এবং সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।

২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। ১৮৬১ সালের পুলিশ আইনের ১২ ধারার আওতায় পরিচালিত এ ইউনিট মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী বিভিন্ন অপরাধের তদন্তও করে থাকে।

বর্তমানে অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে চারটি বিভাগ, আটটি অঞ্চল, ১০টি সার্কেল, সাতটি ক্যাম্প এবং ৭৩টি হাইওয়ে থানার মাধ্যমে সারা দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থাটির অনুমোদিত জনবল ২ হাজার ৮১৪ জন।

হাইওয়ে পুলিশের আটটি আঞ্চলিক কার্যালয় গাজীপুর, কুমিল্লা, বগুড়া, মাদারীপুর, সিলেট, খুলনা, রংপুর ও ময়মনসিংহে অবস্থিত। জনবল ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সংস্থাটি বর্তমানে দেশের প্রায় ১১ হাজার ৮০৬ কিলোমিটার মহাসড়কে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব
ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী