Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২০ জুলাই ২০২৬

জলছাপে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
প্রতীকি ছবি

বাংলাদেশের ই-পাসপোর্টে আসছে বড় ধরনের পরিবর্তন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন নকশার ই-পাসপোর্টের পাতায় জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে যুক্ত করা হচ্ছে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি। একই সঙ্গে পাসপোর্টের ডাটা পেজে আবারও যুক্ত করা হচ্ছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এ শর্ত।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ই-পাসপোর্টের নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে দ্রুত নতুন নকশা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যমান ই-পাসপোর্ট বুকলেটের নকশা ও জলছাপ সম্পূর্ণ পুনর্বিন্যাস করা হচ্ছে। নতুন নকশার ৩১ ও ৩২ নম্বর পৃষ্ঠায় স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তের প্রতিচ্ছবি। সে সঙ্গে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।

সরকারের মতে, ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত পাসপোর্টে তাদের স্মৃতিকে স্থান দেয়ার মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতির একটি প্রতীকী পদক্ষেপ নেয়া হচ্ছে।

নতুন পাসপোর্টের নকশায় শুধু জুলাই গণ-অভ্যুত্থানই নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে। বিভিন্ন পাতার জলছাপে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এ ছাড়া ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে রয়েছে লালবাগ দুর্গ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পানাম নগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঐতিহাসিক কার্জন হল।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশায় রাখা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং বান্দরবানের নীলগিরির দৃশ্য। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পাখি দোয়েল ও জাতীয় ফল কাঁঠালের প্রতিচ্ছবিও থাকবে জলছাপে। বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’, যা বাংলাদেশের শিল্প-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ই-পাসপোর্টের ডাটা পেজের মূল তথ্যবিন্যাস অপরিবর্তিত থাকবে। তবে সেখানে আবারও উল্লেখ থাকবে যে, এই পাসপোর্ট ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’। এর মাধ্যমে বাংলাদেশের পাসপোর্টে পূর্বে প্রচলিত ওই শর্তটি পুনর্বহাল করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিমসহ বহু মানুষ নিহত হন। সরকারের ভাষ্য অনুযায়ী, সে আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং আত্মত্যাগকারীদের অবদানকে জাতীয়ভাবে সম্মান জানাতেই নতুন ই-পাসপোর্টের নকশায় এ পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশের পাসপোর্টের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতীকী নকশাগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক