হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তিনি আরও দাবি করেন,
এ বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না।
একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গণভোট তারাই আবিষ্কার করেছেন, অথচ এখন গণভোটকে অবৈধ বলছেন।
তার ভাষায়,
আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিলো। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।
সভায় এনসিপির নেতারা জুলাই আন্দোলনের বিভিন্ন দাবি, রাষ্ট্র সংস্কার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।
সবার দেশ/কেএম




























