Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৪ জুলাই ২০২৬

প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। তবে এ উদ্যোগকে জনগণের রায়ের পরিপন্থী এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিকে উপেক্ষা করার প্রচেষ্টা বলে অভিযোগ তুলে কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সংসদ সূত্রে জানা যায়, কমিটিতে মোট ১৭ সদস্য থাকার কথা ছিলো। তবে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদে কোনও সদস্যের নাম জমা না পড়ায় আপাতত ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়েছে। চিফ হুইপ জানান, বিরোধী দলের সঙ্গে একাধিক দফা আলোচনা করা হলেও তারা সদস্যদের নাম দেয়নি। ভবিষ্যতে তারা নাম দিলে কমিটি পুনর্গঠন করে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।

প্রস্তাব উত্থাপনের পর এর তীব্র বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দল কখনোই এ কমিটিতে সদস্য দেয়ার প্রতিশ্রুতি দেয়নি এবং প্রথম অধিবেশন থেকেই তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় রয়েছে।

তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে তারা সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। সে বাস্তবতা উপেক্ষা করে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে যদি এ কমিটি গঠন করা হয়, তাহলে তারা তা প্রত্যাখ্যান করছেন। জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করছেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন ত্যাগ করেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এ সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

বিএনপি প্রচলিত সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী জোটের দাবি, সাধারণ সংশোধন নয়; বরং জুলাই জাতীয় সনদের সুপারিশ বাস্তবায়নে পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

পরবর্তীতে এ বিষয়ে অনুষ্ঠিত গণভোটে সংস্কার পরিষদ গঠনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আসে। এরপর বিরোধী সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি জোটের সংসদ সদস্যরা তাতে অংশ নেননি। ফলে সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়নি এবং বিষয়টি এখনও অনিষ্পন্ন রয়ে গেছে।

সবার দেশ ডেস্ক

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা