Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সদর দফতরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বৈঠকটি হবে। এটি তাদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

বৃহস্পতিবারই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণের সম্ভাব্য সময় বিকেল সাড়ে ৫টা নির্ধারণ করা হয়েছে। অধিবেশনটি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেবেন।

দুপুরে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে আয়োজিত আরেকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তার সহধর্মিণীর সমাপনী বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে। দুপুর ১টা ১০ মিনিটে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন।

পরে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত জাতিসংঘের দ্বিপক্ষীয় বৈঠক বুথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন তারেক রহমান।

সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতর থেকে বাংলাদেশের স্থায়ী মিশন অথবা নিউইয়র্কের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে ফিরবেন। রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে তার।

পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকালে ম্যানহাটনে জেপি মরগানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির আয়োজনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।

সকাল ১১টায় কুয়েতের স্থায়ী মিশনে দেশটির ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখানে আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক প্রবণতা ও বিভিন্ন ঝুঁকি নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

মধ্যাহ্নভোজ শেষে হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সফর শেষে শুক্রবারই নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। স্থানীয় সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তিনি বাংলাদেশে ফিরবেন। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর ২৭ সেপ্টেম্বর রাত ২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর ফ্লাইটটির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা