বিজিবিএ’র সংবাদ সম্মেলন
পোশাক খাতের আন্দোলনে ক্ষতি ৪ হাজার কোটি টাকা
তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের কারণে দেশের পোশাকশিল্পে এ পর্যন্ত ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা বলছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়বে। এর প্রভাব শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না, পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. আবদুল হামিদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিকদের জন্য ন্যায়সংগত ও সম্মানজনক এবং একই সঙ্গে কারখানাগুলোর আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারিত হবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, চলমান অস্থিরতার কারণে কারখানাগুলোতে নতুন পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আগে থেকে তৈরি পোশাক নির্ধারিত সময়ে জাহাজীকরণ করাও কঠিন হয়ে পড়ছে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
বিজিবিএ সভাপতি বলেন, আগামী মৌসুমের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ করা সম্ভব না হলে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এতে রফতানিকারকদের ব্যয় আরও বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা দেরিতে পণ্য সরবরাহের কারণে মূল্যছাড় দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেন।
তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগের বিষয় হিসেবে বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক সুনাম ও ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতার ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরেন তিনি। তার মতে, সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থ হলে বিশ্ববাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে যে অবস্থান রয়েছে, তা প্রশ্নের মুখে পড়তে পারে।
চলমান মজুরি আন্দোলনের প্রভাব নতুন ক্রয়াদেশের ওপরও পড়ছে বলে দাবি করেন আবদুল হামিদ। তিনি জানান, পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। কেউ কেউ নতুন করে ক্রয়াদেশ দেয়ার বিষয়ে দ্বিধায় রয়েছেন। ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজিবিএ সভাপতি আরও বলেন, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সরাসরি উৎপাদনকারী পোশাক কারখানাগুলো বড় ধরনের সংকটে পড়বে। অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে পারবে না। এমনকি পরিস্থিতি আরও খারাপ হলে কিছু কারখানাকে উৎপাদন বন্ধের সিদ্ধান্তও নিতে হতে পারে।
এর প্রভাব পড়বে দেশের পোশাক উৎপাদন সক্ষমতা ও রফতানি আয়ে। একই সঙ্গে এ শিল্পের ওপর নির্ভরশীল অসংখ্য শ্রমিক এবং তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
সংগঠনটির নেতারা মনে করছেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা জরুরি। দ্রুত আলোচনার মাধ্যমে চলমান অস্থিরতার অবসান না হলে দেশের প্রধান রফতানি খাতকে দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়তে হতে পারে।
সবার দেশ/কেএম




























