একদিনেই ভরি কমলো প্রায় ১১ হাজার টাকা
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। স্বর্ণের দামে একদিনে এ পরিমাণ হ্রাস দেশের বাজারে রেকর্ড দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে এ মানের স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণে ১০ হাজার ৪৩৯ টাকা, ১৮ ক্যারেটে ৮ হাজার ৯৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৭ হাজার ৩৪৮ টাকা কমেছে।
দুই সপ্তাহে কমল ২৮ হাজার টাকার বেশি
নভেম্বর মাসজুড়েই দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। সর্বশেষ দরপতনের আগে ১৯ নভেম্বর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিলো। এর আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
সব মিলিয়ে নভেম্বর মাসে আট দফায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা। ফলে একসময় প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি থাকা স্বর্ণের দাম এখন ২ লাখ ১ হাজার টাকায় নেমে এসেছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিলো। সেখান থেকে কয়েক দফা বৃদ্ধি ও হ্রাসের মধ্য দিয়ে বর্তমানে স্বর্ণের বাজারে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
রুপার দামও কমেছে
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। আগের দাম ছিলো ৩ হাজার ৩৮৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম কমেছে ৩৫০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন মূল্য কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাবও দেশের বাজারে পড়েছে। বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমতে থাকায় স্থানীয় বাজারেও ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করা হচ্ছে। ফলে স্বর্ণের বাজারে আরও কী ধরনের পরিবর্তন আসে, সেদিকে নজর রাখছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
সবার দেশ/কেএম




























