Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২৯ এপ্রিল ২০২৬

পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু

পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্বালানি লোডিং কার্যক্রমের সূচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি স্বয়ংক্রিয় সুইচ টিপে চুল্লিতে জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অংশীদার এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তার মতে, এ প্রকল্প বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

রুশ পরমাণু শক্তি করপোরেশন রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানোর পর তা থেকে তাপ উৎপন্ন হবে। সে তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি হবে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং সবকিছু সফলভাবে সম্পন্ন হলে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের মধ্যে রূপপুর কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। প্রকল্পটির দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম।

২০২৩ সালের অক্টোবরে পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর পর থেকেই রূপপুরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আজকের জ্বালানি লোডিংয়ের মাধ্যমে প্রকল্পটি পূর্ণাঙ্গ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের এক ধাপ এগিয়ে গেলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের
বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি
বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে নিয়াজ আহমদ খান
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ছেলেকে ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ওপেক ছাড়ছে আমিরাত, জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা
বেনাপোলে ইউনুস হত্যা রহস্য উদঘাটন, দুইজন আটক
বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল