Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২ অক্টোবর ২০২৬

অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের ট্যাগযুক্ত লাগেজ ও জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় ব্যাগেজ এরিয়ার কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালনকারী মো. শাখাওয়াত হোসাইন খান এখনও জবাবদিহির আওতায় না আসায় প্রশ্ন উঠেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় গ্রাউন্ড সার্ভিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ঘটনার সময় ব্যাগেজ এরিয়ার নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

বিমানের গ্রাহকসেবা পরিচালক বদরুল হাসান লিটন বলেন, প্রাথমিকভাবে যাদের গাফিলতি ছিলো বলে প্রতীয়মান হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি আরও অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্তে আরও কারও গাফিলতি বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ হাতে পাননি। উমরাহ যাত্রীরাও জমজমের পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির সমাধান না হওয়ায় বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ ঘটনায় ফ্লাইটে থাকা চার সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তারা হলেন মেহেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাসেল, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

অভিযোগে বলা হয়, ঢাকায় অবতরণের প্রায় তিন ঘণ্টা পরও ৩৫ জন সংসদ সদস্যসহ অধিকাংশ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ ও জমজমের পানি পাননি। দীর্ঘ সময় ধরে কেন এসব সরবরাহ করা যাচ্ছে না, সে বিষয়েও যাত্রীদের যথাযথ তথ্য দেয়া হয়নি। পরে চিঠিতে ঘটনার ব্যাখ্যা দিতে বিমান কর্তৃপক্ষকে চার কর্মদিবস সময় দেয়া হয়।

এরপরই গ্রাউন্ড সার্ভিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়। সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় দায়িত্বে ছিলেন জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার মো. শাখাওয়াত হোসাইন খান, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুজ্জামান প্রধান এবং গ্রাউন্ড সার্ভিস অফিসার সাদ্দাম হোসেন। তাদের মধ্যে মনিরুজ্জামান প্রধান ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হলেও শাখাওয়াত হোসাইন খান এখনো বহাল রয়েছেন।

জানা গেছে, ঘটনার সময় শাখাওয়াত হোসাইন খান ব্যাগেজ এরিয়া কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বে থাকা কন্টেইনার সম্পর্কে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন, সব কন্টেইনার অফলোড করা হয়েছে। পরে একটি কন্টেইনার নিচে পড়ে থাকার বিষয়টি নজরে আসে।

এতে প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজর এড়িয়ে ওই কন্টেইনার কীভাবে পড়ে থাকল এবং শাখাওয়াতের দেয়া তথ্য কতটা সঠিক ছিলো। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে ব্যাগেজ এরিয়ার নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানবন্দরে প্রায়ই যাত্রী হয়রানির ঘটনা ঘটে। কিন্তু অনেক ক্ষেত্রে সরাসরি দায়ী ব্যক্তি বা যাদের গাফিলতির কারণে ঘটনা ঘটে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হেলপার ও সাধারণ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এতে সমস্যার মূল জায়গা অমীমাংসিত থেকে যায়।

এদিকে ঘটনার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনার দুর্বলতাও নতুন করে আলোচনায় এসেছে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তির অন্যতম কারণ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা।

তিনি বলেন, বিমানবন্দরে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করলেও কার্যকর সমন্বয়ের ঘাটতি রয়েছে। ট্রলি ব্যবস্থাপনা এবং কর্মীদের দায়িত্ব পালনে ঘাটতিও যাত্রীদের ভোগান্তি বাড়ায়।

ফলে বিজি-৩৩৮ ফ্লাইটের ঘটনায় মাঠপর্যায়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থার পাশাপাশি ব্যাগেজ ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া, দায়িত্ব বণ্টন ও তদারকিতে কার কোথায় গাফিলতি ছিলো, তা তদন্তে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট