দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
এবার শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। একই সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সব পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিলো এক দিন। পরে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে আরও এক দিন ছুটি বাড়ানো হয়। এবার আরও এক দিন ছুটি যোগ করা হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি দাঁড়িয়েছে তিন দিন। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ওই দুই দিনের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস-আদালতে টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সদর দফতর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে। কোনও মণ্ডপে অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তাঝুঁকির তথ্য পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া যেকোনও অপ্রীতিকর ঘটনা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।
পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা হলে বিকল্প হিসেবে মণ্ডপগুলোতে জেনারেটর প্রস্তুত রাখতে হবে। কোনও কারণে জেনারেটরও কাজ না করলে চার্জার লাইটসহ বিকল্প আলোর ব্যবস্থা রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
এবারের দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনও পূজামণ্ডপকে ‘ভালনারেবল’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং সবাই সতর্ক অবস্থানে রয়েছে। কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ও নজরদারির মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
এদিকে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজার মূল সরকারি ছুটি ২০ ও ২১ অক্টোবর নির্ধারিত ছিলো। পরে ২২ অক্টোবর অতিরিক্ত ছুটি দেয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।
সবার দেশ/এমকেজে




























