Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ০১:৪২, ২৭ জুলাই ২০২৬

এক বছর পর জাপানে উড়ছে বিমানের ফ্লাইট

এক বছর পর জাপানে উড়ছে বিমানের ফ্লাইট
ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-জাপান নারিতা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৬ জুলাই) রাত থেকেই পুনরায় যাত্রা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির জাপানগামী ফ্লাইট।

প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের এক বার্তায় জানানো হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এ উপলক্ষে রোববার রাত ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে সরাসরি জাপানের উদ্দেশে যাত্রা করবে বিমানের উড়োজাহাজ।

বিমান সূত্র জানায়, অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো। প্রায় ১৩ মাস পর পুনরায় এ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পর্যাপ্ত যাত্রীসংখ্যা এবং বাণিজ্যিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে আবারও রুটটির কার্যক্রম স্থগিত করা হয়।

ঢাকা-নারিতা রুটটি বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ। সংশ্লিষ্টদের মতে, ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও ভ্রমণকারীরা সরাসরি বিমান যোগাযোগের সুবিধা পাবেন।

সবার দেশ/কেএম