Sobar Desh | সবার দেশ এনামুল হক

প্রকাশিত: ০১:২৬, ১৯ নভেম্বর ২০২৬

খিলজির বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলায় ইসলামের আগমন!

যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু

যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
ছবি: সবার দেশ

সাধারণভাবে প্রচলিত ধারণা, ১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর বাংলা বিজয়ের মধ্য দিয়েই এ অঞ্চলে ইসলাম ধর্মের বিস্তার শুরু হয়। তবে বিভিন্ন ঐতিহাসিক গবেষণা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাচীন শিলালিপির তথ্য এ ধারণার ভিন্ন চিত্র তুলে ধরে। এসব গবেষণায় দাবি করা হয়েছে, খিলজির বাংলা বিজয়ের প্রায় ৬০০ বছর আগেই আরব থেকে আসা মুসলিম ধর্মপ্রচারক ও সাহাবিদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের প্রচার শুরু হয়েছিলো। এ ক্ষেত্রে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ বিশেষভাবে আলোচনায় এসেছে।

ইতিহাসবিষয়ক বিভিন্ন গ্রন্থ ও গবেষণার তথ্য অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশাতেই আরব থেকে কয়েকজন মুসলিম ধর্মপ্রচারক ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে আসেন। তাদের মধ্যে আবু ওয়াক্কাস (রা.)-এর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৬২০ থেকে ৬২৬ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি বাংলার উত্তরাঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। রংপুরের আঞ্চলিক ইতিহাসবিষয়ক বিভিন্ন গ্রন্থেও এ বিষয়ে তথ্য পাওয়া যায়।

এসব বর্ণনা অনুযায়ী, বাংলায় ইসলামের প্রাথমিক প্রচারের অন্যতম কেন্দ্র ছিলো বর্তমান লালমনিরহাট অঞ্চল। জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আড়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষকে এ ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে ওই এলাকায় জঙ্গল পরিষ্কার ও খননের সময় মাটির নিচ থেকে প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। ধ্বংসাবশেষের একটি ইটে আরবি হরফে ‘কালেমা তাইয়্যেবা’ এবং ‘৬৯ হিজরি’ লেখা পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে। ইতিহাসবিষয়ক গবেষকদের একটি অংশের মতে, হিজরি ৬৯ সাল অর্থাৎ ৬৯০ খ্রিষ্টাব্দের দিকে মসজিদটি নির্মাণ অথবা সংস্কার করা হয়েছিলো।

মসজিদটির স্থাপত্যশৈলীও বেশ বৈশিষ্ট্যপূর্ণ। প্রাপ্ত বিবরণ অনুযায়ী, মসজিদটি উত্তর-দক্ষিণে প্রায় ২১ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে ১০ ফুট চওড়া। ভেতরে এক কাতারে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী প্রায় ৪ ফুট প্রশস্ত জায়গা ছিলো। মসজিদের চার কোণে ছিলো অষ্টকোণাকৃতির স্তম্ভ। ধ্বংসাবশেষ থেকে মসজিদটির প্রাচীন চূড়া ও গম্বুজের অস্তিত্ব সম্পর্কেও তথ্য পাওয়া যায়।

মতিউর রহমান বসুনিয়া রচিত ‘রংপুরে দ্বীনি দাওয়াত’ গ্রন্থে এ মসজিদের ঐতিহাসিক বিবরণ উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে রংপুর অঞ্চলে ইসলামের প্রাথমিক প্রচার, ধর্মপ্রচারকদের আগমন এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রসঙ্গ উঠে এসেছে।

প্রচলিত ইতিহাসে ১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর বাংলা বিজয়কে এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। তবে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং ইসলাম ধর্মের প্রথম আগমন দুটি ভিন্ন ঐতিহাসিক বিষয়। খিলজির বাংলা বিজয়ের আগেও আরব বণিক, ধর্মপ্রচারক ও মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারের সুযোগ তৈরি হয়েছিলো বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উঠে এসেছে।

লালমনিরহাটের মজেদের আড়ার প্রাচীন মসজিদকে ঘিরে প্রচলিত ইতিহাস সে আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে মসজিদটির নির্মাণকাল, আবু ওয়াক্কাস (রা.)-এর আগমন এবং এর সঙ্গে সাহাবিদের সরাসরি সম্পৃক্ততার বিষয়গুলো নিয়ে আরও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও নির্ভরযোগ্য ঐতিহাসিক গবেষণার প্রয়োজন রয়েছে।

তারপরও লালমনিরহাটের এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের প্রাচীন ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর যথাযথ সংরক্ষণ, বৈজ্ঞানিক পরীক্ষা এবং গবেষণার মাধ্যমে বাংলায় ইসলামের প্রাথমিক বিস্তারের ইতিহাস সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস