ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়িতে এ হামলা হয়। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের বাড়িটি পুলিশি পাহারায় ছিলো। সেখানে পুলিশের তিনজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে দায়িত্বে থাকা সদস্যরা হামলার ঘটনাটি তাৎক্ষণিকভাবে খেয়াল করতে পারেননি।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন,
বাড়ির যে অংশে আগুন দেয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল রাখা ছিলো। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার প্রয়োজন হয়নি।
কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা ও তদন্তের পর হামলাকারীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকও ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে সংবাদমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় আগুনের দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন। ভিডিওতে বাড়ির নিচতলার একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ এবং একই রাতে আ জ ম নাছির উদ্দিনের বাসায় পুলিশের তল্লাশির ঘটনায় নগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
সবার দেশ/কেএম




























