বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্কুলে আশ্রয় নিলেন এমপি সেলিম ভূইয়া
কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠানস্থলের মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেয়ার আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামাল প্রধান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও একই ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ তার সমর্থকদের নিয়ে উপস্থিত হন। এ সময় জামাল প্রধানের সমর্থকেরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন কাঠের রোল ও চেয়ার নিয়ে পরস্পরের ওপর হামলা চালান। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তিতাস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এমদাদ হোসেন আখন্দকে বহিষ্কার করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাদের উপস্থিতিতে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ রয়েছে এমদাদ হোসেন আখন্দের বিরুদ্ধে। এ ঘটনায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে উপজেলা বিএনপির সহসভাপতি এবং জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক গণমাধ্যমকেসবলেন, ঘটনার সময় তিনি কুমিল্লায় ছিলেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সবার দেশ/কেএম




























