Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৪ নভেম্বর ২০২৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস

৪০০ কোটি টাকা বরাদ্দ, ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসির বহরে যুক্ত হওয়ার আশা। চীন থেকে কেনা হবে বাস, বিভাগীয় শহরেও বাড়বে পিংক বাস সার্ভিস।

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস
ছবি: সংগৃহীত

গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

গত ২৯ অক্টোবর অর্থ বিভাগ এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেয়। পরে বরাদ্দ করা অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখার উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, সরকার ইতোমধ্যে প্রকল্পের অর্থ ছাড় করেছে। বাসগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার দায়িত্ব দেয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

তিনি জানান, আগামী ১৮ নভেম্বর বাস সরবরাহকারীদের উদ্দেশে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেয়া হতে পারে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হলে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির আগেই বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়

নতুন ১০০টি বৈদ্যুতিক বাস প্রচলিত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে না। দ্রুত পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণ করে বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজের সঙ্গে চীনের কয়েকটি বাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চীন থেকেই বাসগুলো কেনার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেয়া হয়।

সব মিলিয়ে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে দুই ধাপে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কিনতে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও ১০০টি বাস কেনার পরিকল্পনা রয়েছে।

যাত্রীর অপেক্ষায় পিংক বাস সার্ভিস

নারীদের জন্য বিশেষ গণপরিবহন চালু করা বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। বড় শহরগুলোতে নারীদের নিরাপদ ও স্বতন্ত্র বাসসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছিলো দলটি।

সরকার গঠনের পর গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হকের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের মধ্যে রাজধানীতে বৈদ্যুতিক বাসভিত্তিক বিশেষ নারী পরিবহনসেবা চালুর আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে পরীক্ষামূলকভাবে 'মহিলা বাস সার্ভিস (পিংক বাস)' উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় ১৪টি বাস নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে এ সেবা চালু করা হয়। তবে চালুর পর থেকেই যাত্রীসংকটের মুখে পড়েছে বিশেষ এ বাসসেবা।

বিআরটিসি সূত্রে জানা গেছে, পিংক বাসগুলো সাধারণত সকালে একটি এবং বিকেলে একটি করে প্রতিদিন দুটি ট্রিপ পরিচালনা করে। কিন্তু অধিকাংশ সময় এসব ট্রিপে বাসের সব আসন পূর্ণ হয় না। কখনও অতিরিক্ত এক বা দুটি ট্রিপ পরিচালনা করা হলেও যাত্রীসংখ্যা সাত-আটজনের বেশি হয় না।

পুরুষ সহযাত্রীদের প্রবেশাধিকার দেয়ার চিন্তা

পিংক বাসে পর্যাপ্ত যাত্রী না পাওয়ার পেছনে সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে কারণ হিসেবে দেখছে বিআরটিসি। অনেক নারী যাত্রী সন্তান, স্বামী, ভাই কিংবা পরিবারের অন্য পুরুষ সদস্যদের সঙ্গে যাতায়াত করেন। কিন্তু বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় তাদের পুরুষ সহযাত্রীরা এতে উঠতে পারেন না। ফলে অনেক নারী এ সেবা ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, নারী যাত্রীদের সঙ্গে থাকা পুরুষ সহযাত্রীদের বাসে ওঠার সুযোগ না থাকায় যাত্রীসংখ্যা কম হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে ভ্রমণের অনুমতি দেয়ার প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাবও বিভিন্ন পক্ষ থেকে এসেছে। এসব প্রস্তাবের গ্রহণযোগ্যতা যাচাই করতে একটি সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা করছে বিআরটিসি।

বিভাগীয় শহরেও বাড়বে সেবার পরিধি

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে। এতে নারীদের কর্মস্থলে যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিআরটিসির চেয়ারম্যান জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করা হয়েছে এবং এটি পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা হবে। এ সেবায় ব্যয় ও আয়ের হিসাবকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখছে না সংস্থাটি।

তবে নতুন বাস কেনার পাশাপাশি সেবাটিকে জনপ্রিয় করে তোলাও বড় চ্যালেঞ্জ। নির্ধারিত রুট, পর্যাপ্ত ট্রিপ, সময়ানুবর্তিতা, চার্জিং অবকাঠামো এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করা না গেলে বড় বিনিয়োগের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হতে পারে। বিশেষ করে পিংক বাসের বর্তমান যাত্রীসংকটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বাসসেবার পরিকল্পনা ও পরিচালনায় বাস্তবসম্মত পরিবর্তন আনা জরুরি।

সরকারের এ উদ্যোগ সফল হলে দেশের গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আ.লীগ শক্তিশালী হলে হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান
শ্রমিক বিক্ষোভের জেরে ১৪৭ পোশাক কারখানা বন্ধ
নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস
পর্নোগ্রাফি তৈরির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬
সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাহমুদা মিতু
পরকীয়ার জেরে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
পলাতক হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার দেশও
নুসরাতের বাড়িতে আগুন পেট্রলবোমায় নয়, শর্টসার্কিটের শঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী
জেলা আ.লীগের দায় স্বীকার, স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন দায়মুক্তি: নাহিদ
রাজকীয় ফ্ল্যাট না থাকলে বসতবাড়িও পরিত্যক্ত মনে হয়: নুসরাত
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা
নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করে পাননি ডেপুটি স্পিকার
দলীয় কর্মীকে লাথি মেরে বিতর্কে: ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, সন্দেহে ট্রাক জব্দ
ঢাকায় আকস্মিক বৈঠকে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী নিয়ে প্রশ্ন, তালিকায় আ.লীগ নেতা
আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৭, আহত ৩০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্কুলে আশ্রয় নিলেন এমপি সেলিম ভূইয়া
খুলনায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা