বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভাটারা থানা পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বারিধারা এলাকায় যাত্রী নামানোর পর বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুই থেকে তিনজন ব্যক্তি। আগুন দেয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। আগুন দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সবার দেশ/কেএম




























