Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১২:২৬, ২৭ আগস্ট ২০২৬

কার সঙ্গে কার লড়াই?

চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল

চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল
ফাইল ছবি

নতুন ফরম্যাটে তৃতীয় মৌসুমে পা রাখতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৬-২৭ মৌসুমের মূলপর্বে লড়াইয়ের জন্য ৩৬টি দল চূড়ান্ত হয়েছে। উয়েফার গত পাঁচ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি পটে। আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে লিগপর্বের বহুল প্রতীক্ষিত ড্র।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। এতে প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। ফলে লিগপর্বে প্রত্যেক দলের সামনে থাকবে মোট আটটি ম্যাচ—চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

পট-১-এ ইউরোপের মহারথীরা

টানা দুই মৌসুমের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) রয়েছে প্রথম পটে। তাদের সঙ্গে আছে গত মৌসুমের ফাইনালে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া আর্সেনাল।

এ ছাড়া পট-১-এ জায়গা পেয়েছে ইউরোপের আরও কয়েকটি পরাশক্তি—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ।

পট-১: 
পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

দুই বছর পর ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগে দুই বছর পর ফিরেছে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ‘রেড ডেভিলরা’ থাকবে পট-২-এ।

এ পটে রয়েছে গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। তাদের সঙ্গে আছে বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, পোর্তো, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস ও পিএসভি।

পট-২:
বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস, পিএসভি।

পট-৩-এও কঠিন প্রতিপক্ষ

তৃতীয় পটে রয়েছে ফেইনুর্দ, লিলে, বোডো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, শাখতার দোনেৎস্ক ও গালাতাসারাই।

এর মধ্যে নরওয়ের বোডো/গ্লিম্টকে বড় দলগুলোর জন্য সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলো তারা।

ফেনারবাচেও এবার আলোচনায়। প্লে-অফে ফরাসি ক্লাব লিঁওকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে তুরস্কের ক্লাবটি।

পট-৩: 
ফেইনুর্দ, লিলে, বোডো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই।

পট-৪-এ তিন অভিষিক্ত, ইতিহাস গড়লো ভাইকিং

চতুর্থ পটে রয়েছে স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এএইকে এথেন্স, লাস্ক, কোমো, লঁস, ভাইকিং ও সাবাহ।

এ পটের সবচেয়ে আলোচিত দল নরওয়ের ভাইকিং। দিনামো জাগরেবকে প্লে-অফে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। বুধবার ৩-১ গোলে জয়ের পর দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে মূলপর্ব নিশ্চিত করে ভাইকিং।

পট-৪-এ ভাইকিংয়ের সঙ্গে রয়েছে আরও তিন অভিষিক্ত দল—আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার লাস্ক এবং ইতালির কোমো। কোমোর কোচ সাবেক তারকা সেস্ক ফাব্রেগাসও এবার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নামছেন।

পট-৪:
স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এএইকে এথেন্স, লাস্ক, কোমো, লঁস, ভাইকিং, সাবাহ।

কীভাবে হবে লিগপর্ব?

নতুন ফরম্যাটে ৩৬ দল একটি লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করবে। ড্রয়ের পর প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে।

৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে নকআউট পর্বের প্লে-অফে। সেখান থেকে জয়ী আট দল শেষ ষোলোতে যোগ দেবে। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো সরাসরি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।

সব মিলিয়ে আজকের ড্রয়ে ইউরোপের জায়ান্টদের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পাশাপাশি নতুন দলগুলোর সামনে খুলে যাবে মহাদেশীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল
নেপালের বন্যার ভয়াবহতা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
নিভে গেছে প্রাণের প্রদীপ, নিভেনি নজরুলের আগুন
সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি