বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
রাজধানী ঢাকায় ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এশিয়া জোন-২’ নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে স্বাগতিকদের এ দাপুটে জয়ে আক্রমণভাগে উজ্জ্বল ছিলেন আলপনা আক্তার, মিষ্টি খাতুন ও শ্যামলী মিং।
বৃহস্পতিবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা পরিকল্পিত আক্রমণ ও গতিময় খেলার মাধ্যমে নেপালের ওপর চাপ সৃষ্টি করেন। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের আক্রমণ সামাল দিতে পারেনি নেপাল। বিরতিতে ১৩-৯ গোলে এগিয়ে ছিলো স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক গোল করে ব্যবধান বাড়াতে থাকে দলটি। শেষ পর্যন্ত নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে ১৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আলপনা আক্তার। দুর্দান্ত নৈপুণ্যে সর্বোচ্চ সাত গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ছয়টি করে গোল করেন। অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি এবং সায়মা জান্নাত সীমা চারটি গোল করেন। এ ছাড়া মাসুদা আক্তার দুটি গোল করেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।
এর আগে বেলা ১১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার জাতির এ আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চার দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে একক লিগ পদ্ধতিতে। ফলে প্রতিটি দলের জন্যই প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে বড় জয় বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০১৯ সালের দক্ষিণ এশীয় গেমসে নেপালের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে এবার ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রতিযোগিতায় ভালো করার প্রত্যাশা আরও জোরালো করেছে দলটি।
এবার বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। নেপালের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ভারতকেও চ্যালেঞ্জ জানাতে চাইবে বাংলাদেশের মেয়েরা।
সবার দেশ/কেএম




























