সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। সাত সচিবের দফতর পরিবর্তনের পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। এ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য পদটি সচিব পদমর্যাদার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রণালয়টির সচিব মো. মাহবুব-উল-আলমকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ পদটিও সচিব পদমর্যাদার।
অন্যদিকে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থায় একযোগে এ পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট দফতরগুলোর নেতৃত্বে নতুন দায়িত্ব বণ্টন হলো।
সবার দেশ/কেএম




























