একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি আবেদনের কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেখছে। এখনও সেখান থেকে আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। বোর্ডের সিস্টেম বিশ্লেষকরাও চূড়ান্ত তথ্য হাতে পাননি। তবে মৌখিকভাবে জানা গেছে, প্রায় ১০ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন।
শিগগিরই কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, সে তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন নেয়া হয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনও শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর অনলাইন আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সরকারি ছুটি থাকলে পরদিন ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে ক্লাস শুরু হতে পারে।
প্রায় ১০ লাখ শিক্ষার্থীর আবেদনকে কেন্দ্র করে এবার একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে কলেজ নির্বাচন, পছন্দক্রম ও মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























