৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদালতের এ নির্দেশনা এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেকই পাস করতে পারেননি।
এ অবস্থায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশগ্রহণ, ফল পুনর্মূল্যায়ন এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হাইকোর্টের নির্দেশনার ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। এতে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ও আবেদনের জন্য অতিরিক্ত সময় পাবেন বলে আশা করা হচ্ছে।
সবার দেশ/এমকেজে




























