Sobar Desh | সবার দেশ চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১৭ অক্টোবর ২০২৬

চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য

চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের আহ্বানে অনলাইনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় বিশ্ববিদ্যালয়ের কোনো সিন্ডিকেট সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়নি বলে জানিয়েছেন সভায় যুক্ত হওয়া এক সদস্য। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে চলমান আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে এ সভা অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হওয়া সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান জানান, তিনি পুরো সভায় থাকতে পারেননি। তবে যতক্ষণ যুক্ত ছিলেন, ততক্ষণ চুয়েটের কোনও সিন্ডিকেট সদস্যকে সভায় অংশ নিতে দেখেননি।

অধ্যাপক জাহিদুর রহমানের ভাষ্য অনুযায়ী, ওই সময় সভায় চার থেকে পাঁচজন সদস্য যুক্ত ছিলেন। সভায় কী সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্য সবাইকে জানাবেন।

সভার বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, সিন্ডিকেট সভা সাধারণত সরাসরি অনুষ্ঠিত হয়। কোনও সদস্য বিশেষ প্রয়োজনে সশরীরে উপস্থিত থাকতে না পারলে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন। তবে এবার পুরো সভা অনলাইনে আয়োজন করাকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত চর্চার তুলনায় ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চুয়েটের সিন্ডিকেটে মোট ১৫ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে সদস্যসচিবের দায়িত্বে থাকা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বর্তমানে ওই দায়িত্বে নেই বলে জানা গেছে।

এ বিষয়ে অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, তিনি আগেই রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে সদস্যসচিব হিসেবেও তিনি আর দায়িত্বে নেই। শুক্রবারের সিন্ডিকেট সভার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও উল্লেখ করেন।

সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ছুটিতে বান্দরবানে রয়েছেন। এ কারণে সভায় যোগ দিতে পারেননি। সভার বিষয়ে তার কাছে কোনো হালনাগাদ তথ্যও নেই।

আরেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল জানান, তার মা অসুস্থ থাকায় তিনি সভায় অংশ নিতে পারেননি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে থাকা কয়েকজন সিন্ডিকেট সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

উপাচার্য নিয়োগ ঘিরে অচলাবস্থা

চুয়েটে চলমান প্রশাসনিক অচলাবস্থার সূত্রপাত উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অপসারণ করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যোগ দেন।

বিক্ষোভ, মানববন্ধন, মিছিল ও কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বন্ধ হয়ে পড়ে ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের সমাধান না হওয়ায় পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার

গত ১২ অক্টোবর সকালে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনে গেলে আন্দোলনকারীরা তাকে অবরুদ্ধ করেন। প্রায় ৩০ ঘণ্টা পর ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

পরে অসুস্থ বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা ও পরবর্তী অবস্থানের পর ১৫ অক্টোবর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে ফেরেন।

এ পরিস্থিতির মধ্যেই ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। তবে সভায় বিশ্ববিদ্যালয়ের কোনও সিন্ডিকেট সদস্যকে দেখা যায়নি বলে জানিয়েছেন সভায় যুক্ত থাকা অধ্যাপক জাহিদুর রহমান। যদিও সভায় অংশ নেয়া সদস্যদের পরিচয় ও সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলন অব্যাহত থাকায় চুয়েটে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অচলাবস্থা কাটেনি। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় কী সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য