Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধ

প্রকাশিত: ০০:২৫, ৫ অক্টোবর ২০২৬

ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত 

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর মাহবুবুর রহমান বলেন, আমরা ব্যর্থ। আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।

ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত 
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) রাতে জিয়াউর রহমান হলের সামনে এ হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুরুতর আহতরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের গেটে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের কয়েকজনের হাতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন সরঞ্জাম দেখা যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্রগুলো লুকিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে হলের সামনে তাদের অস্ত্র হাতে অবস্থান করতে দেখে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা ভিডিও ধারণের জন্য এগিয়ে যান।

অভিযোগ রয়েছে, প্রক্টরের উপস্থিতিতেই ছাত্রদলের নেতাকর্মীরা সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামের ওপরও হামলা চালানো হয়। এতে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায়।

এ সময় অন্য সাংবাদিকরা আহতদের রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাদের ‘পুঁতে ফেলার’ হুমকি দেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, হামলায় ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথিসহ প্রায় আটজন অংশ নেন।

জানা গেছে, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আহসান হাবীবের অভিযোগ, ওই পোস্টের মন্তব্যে রাকিবুল তার মা ও বোনকে নিয়ে গালাগাল করেছেন। অন্যদিকে রাকিবুলের দাবি, তাকে মারধরের হুমকি দিয়ে অবস্থান জানতে চেয়েছিলেন আহসান হাবীব। এ নিয়ে পরে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করেন।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাকিবুল সেখানে অবস্থান করেন। পরে বিকেল ৫টা ৫৪ মিনিটে সেখানে অবস্থান নেন আহসান হাবীব। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর হাতে বেসবল ব্যাট দেখা যায়। তারা রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন।

ছাত্রদলের এ অবস্থানের সমালোচনা করে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা রড, পাইপ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর মাহবুবুর রহমান বলেন, 

আমরা ব্যর্থ। আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তিনি বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছেন। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার