ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন, লজিস্টিকস খাতের আধুনিকায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিষয়টিও গুরুত্ব পায়। চুক্তির আওতায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।
সরকার আশা করছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ অংশীদারির ফলে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের আধুনিকায়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে টার্মিনালের পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতাও আরও শক্তিশালী হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ নতুন নতুন খাতে বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহের কথা জানতে চান। জবাবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়।
প্রধানমন্ত্রী এ সময় ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি দেশের বন্দর, পরিবহন ও লজিস্টিকস অবকাঠামোর উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বলেন, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি লজিস্টিকস খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়েও মতবিনিময় হয়েছে।
সবার দেশ/কেএম




























