Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও

দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। একই দিন দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুই নেতার আটকের ঘটনা ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেয়ার কথা ছিলো অভিজিত দীপকে ও নেহা বোরার। সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতারের প্রতিবাদে এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলো সংগঠনটি।

তবে কর্মসূচি শুরুর আগেই সমাবেশস্থল সেন্ট্রাল পার্ক বন্ধ করে দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। সম্ভাব্য জমায়েত ঠেকাতে এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীপকেকে আটকের আগে তার বাসায় একটি নোটিশ নিয়ে যান কনট প্লেস থানার স্টেশন হাউস অফিসার। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার কথা উল্লেখ করে কনট প্লেসের আশপাশে অনুমতি ছাড়া মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা জানায় পুলিশ।

নোটিশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নির্ধারিত স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে। পুলিশ আরও জানায়, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এ আদেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

অন্যদিকে, নেহা বোরাকে তুলে নেয়ার বিষয়ে এনডিটিভি বিস্তারিত তথ্য জানায়নি। তবে সোশ্যাল মিডিয়া এক্সে ‘নেহা বোরা টিম’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে নেহাকে আটক করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে।

ভিডিওটির সঙ্গে দেয়া বিবরণে দাবি করা হয়, মান্ডি হাউস থেকে ভারতের নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটক করার চেষ্টা করে।

বার্তা সংস্থা এএফপিও নেহা বোরাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। ছবির বিবরণে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেন।

এদিকে, বিকেল ৫টার পর এএফপির প্রকাশিত কয়েকটি ছবিতে কনট প্লেসে বেশ কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা হাতে দেখা যায়। বার্তা সংস্থাটি তাদের সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে।

সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত তিরঙ্গা মার্চ ঘিরে দিল্লি পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা ও একাধিক আটকের ঘটনা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি এবং বিক্ষোভকারীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য