ক্ষমতার গরমের আঁচ পড়েছে: ডা. শফিকুর রহমান
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; জড়িতদের শাস্তি দাবি জামায়াত আমিরের।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন,
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।
তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। হামলার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুর উদ্বেগজনক। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন জামায়াত আমির।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কারা জড়িত, কী কারণে হামলা হয়েছে কিংবা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সবার দেশ/এমকেজে




























