খুঁটিতে বাঁধা বাবা, খাবার মুখে তুলে দিলো মেয়ে
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
বাবা যে অবস্থাতেই থাকুন, সন্তানের কাছে তিনি কেবলই বাবা। অভাব, অভিযোগ কিংবা অপমান—কোনও কিছুই বাবার প্রতি সন্তানের ভালোবাসাকে মুছে দিতে পারে না। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দিয়েছে ছোট্ট এক মেয়ে।
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিলো তার বাবা অনিক সরদারকে। বাবাকে আটকে রাখার খবর পেয়ে সকালে সেখানে ছুটে আসে ছোট্ট মেয়েটি। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর সবার সামনে খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
বাবা-মেয়ের এ দৃশ্য উপস্থিত মানুষের চোখেও তৈরি করে আবেগঘন পরিবেশ। পরে স্থানীয় এক যুবক সে মুহূর্তের ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার নামে ওই যুবককে স্থানীয় জনতা আটক করেন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
সকালে বাবাকে দেখতে এসে ছোট্ট মেয়েটি দেখতে পায়, তিনি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছেন। বাবার সারারাত না খেয়ে থাকার কথা জানতে পেরে সে খাবারের ব্যবস্থা করে। একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে বাবার কাছে গিয়ে নিজের হাতেই তা খাইয়ে দেয়।
ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার সামনে দাঁড়িয়ে ছোট্ট মেয়েটি একের পর এক রুটির টুকরা তুলে দিচ্ছে তার মুখে। পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উপস্থিতি কিংবা বাবার সে অসহায় অবস্থাও যেন মেয়েটির ভালোবাসায় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বাবার প্রতি মেয়ের এ নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্যে অনেকে লিখেছেন, সন্তানের কাছে বাবার পরিচয়, পেশা কিংবা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের চেয়েও বড় হয়ে ওঠে বাবার সঙ্গে তার সম্পর্ক।
মানুষের নানা পরিচয় থাকতে পারে, জীবনের নানা পরিস্থিতির মুখোমুখিও হতে পারে। কিন্তু সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা—বামরাইল বাজারের ছোট্ট মেয়েটির ভালোবাসার মুহূর্ত যেন সে কথাটিই আবার মনে করিয়ে দিলো।
সবার দেশ/কেএম




























