Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গ্রেফতার ৪

স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের

স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
ছবি: সংগৃহীত

মিরপুর-১-এর প্রায় পাঁচ দশকের পুরোনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অর্থের বিনিময়ে হামলায় অংশ নেয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই সংসদ সদস্য। 

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল, মো. জুয়েল, জিহাদ হাসান ও মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি হামলা চালায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিলো বলেও দাবি করা হয়েছে। হামলাকারীরা প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয়।

ভাঙচুর ও লুটপাটের পর ঘটনাস্থলে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে আরও দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও সামনে এসেছে। স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জমিটি দখলে নেয়া নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিলো। তবে জমির মালিকানা নিয়ে কোনও বিরোধ থাকলে সেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাতের আঁধারে এভাবে স্থাপনা ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও দখলদারির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন।

নাহিদ ইসলামের অভিযোগ, ভাঙচুর ও দখলদারির পেছনে ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। একই সঙ্গে রাতভর ভাঙচুর ও লুটপাট চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ভাঙচুরের ঘটনায় তার নাম জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। একজন সংসদ সদস্য হিসেবে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিলো। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।

এ ঘটনার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

এদিকে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলো কি না এবং থাকলে কেন হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের কোনও অবহেলা বা গাফিলতি ছিলো কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলো। ১৯৭৪ সালে তৎকালীন সুইডিশ রাড্ডা বার্নেনের উদ্যোগে এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, শিশুস্বাস্থ্য ও টিকাদানসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিলো। সরকারি টিকাদান কর্মসূচিতেও প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা ছিলো।

প্রায় পাঁচ দশক ধরে মানুষের সেবায় থাকা একটি স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় এখন তদন্ত ও আইনি পদক্ষেপের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার