টুপটুপ রিসোর্টে আগুন নিয়ে তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
‘হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না’
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন,
এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
অন্যদিকে, প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে, সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন এ অভিনেতা।
ইরফান সাজ্জাদের মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া কীভাবে এ ধরনের রিসোর্ট ব্যবসা পরিচালনা করে, সে প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ইরফান সাজ্জাদ লিখেছেন,
মন চাইলো বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।
এদিকে, অগ্নিকাণ্ডের পর টুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিলো না।
শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোকের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। রিসোর্টসহ জনসমাগমপূর্ণ স্থাপনায় অগ্নিনিরাপত্তার ঘাটতি থাকলে তা মানুষের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
সবার দেশ/কেএম




























