দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
বিমানে পাশাপাশি বসে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে বসে থাকার ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়। নতুন কোনও সিনেমার শুটিংয়ে যাচ্ছেন, নাকি অন্য কোনও আয়োজনে অংশ নিতে দেশ ছাড়লেন এ দুই তারকা?
অবশেষে সে কৌতূহলের উত্তর মিলেছে মিথিলার ফেসবুক পোস্টে। জানা গেছে, নতুন কোনও সিনেমার শুটিং নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই ঢাকা ছেড়েছেন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। তারা ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বলেও জানানো হয়েছে।
বিমান ভ্রমণের ছবি শেয়ার করার পাশাপাশি অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন,
আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!
মিথিলার এ ক্যাপশন ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিলো আগুন। অন্যদিকে, মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সিনেমার এ দুই চরিত্রের নাম উল্লেখ করেই নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।
দুই তারকার একসঙ্গে নিউইয়র্ক যাত্রার ছবি প্রকাশের পর তাদের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। এবার নিউইয়র্কের মঞ্চে শাকিব-মিথিলার উপস্থিতি ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























