Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২২ জুলাই ২০২৬

এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত

এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে একগুচ্ছ সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জন্মতারিখ সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়ন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের হয়রানি কমবে এবং সেবা পাওয়া হবে আরও সহজ।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ে আরও বেশি ক্ষমতা দেয়া হচ্ছে। এখন থেকে জেএসসি, এসএসসি বা পিএসসির মতো পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে না। সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এতে আবেদনকারীদের সময় ও খরচ দুটোই কমবে।

এ ছাড়া ভোটার এলাকা পরিবর্তন বা এনআইডি স্থানান্তরের আবেদনও পুরোপুরি অনলাইনে করার সুযোগ চালু করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি পরিশোধ করে ঘরে বসেই এ আবেদন করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এনআইডি নবায়নেও আনা হচ্ছে নতুন নিয়ম। প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের সময় আবেদনকারীকে একটি নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ উল্লেখ করতে হবে। কমিশনের মতে, এতে পারিবারিক তথ্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তথ্য যাচাইয়ের কাজ আরও সহজ হবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। বর্তমানে আবেদন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর দেশে দুই ধাপে তদন্ত শেষে এনআইডি অনুমোদন দেয়া হয়। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য তাৎক্ষণিকভাবে অনলাইনে আপলোড করা হবে। এরপর ঢাকায় প্রাথমিক যাচাই শেষে তথ্য সঠিক পাওয়া গেলে সরাসরি এনআইডি অনুমোদন দেয়া হবে। এতে একটি তদন্ত ধাপ বাদ পড়বে এবং পুরো প্রক্রিয়া আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন হবে।

সভায় নাগরিকদের তথ্য সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হলেও ভবিষ্যতে এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স থেকেই তথ্য সংগ্রহের সুযোগ রাখা যায় কি না, তা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি সেবাকে আরও আধুনিক, সহজ ও নাগরিকবান্ধব করতে কমিশন ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে গৃহীত প্রস্তাব ও সুপারিশ আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

এদিকে একই কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের কয়েকটি প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে সেগুলো শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী
এমপি পদও কি হারাবেন গাজী নজরুল? যা বলছে সংবিধান ও ইসি
শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইসি
গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আলটিমেটাম জামায়াতের
মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম
তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই—নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা