মেসেজ পিন করে রাখা যাবে চিরতরে
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে চার নতুন সুবিধা
জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের জন্য চারটি নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এসব সুবিধার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের পুরোনো কথোপকথন পাঠানো, নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করা বার্তা আলাদা করে খুঁজে পাওয়া এবং গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস দেয়ার সুযোগ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তিদের সঙ্গে কল করার জন্য ‘গেস্ট কল’ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন সুবিধাগুলো যুক্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের একটি ব্লগ পোস্টে নতুন সুবিধাগুলোর বিস্তারিত জানানো হয়।
নতুন আপডেটের অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা। এর মাধ্যমে গ্রুপের প্রয়োজনীয় ঘোষণা, নির্দেশনা বা গুরুত্বপূর্ণ তথ্য সহজেই সবার সামনে রাখা যাবে। বর্তমানে একটি গ্রুপে সর্বোচ্চ চারটি বার্তা ২৪ ঘণ্টা, সাত দিন অথবা ৩০ দিনের জন্য পিন করে রাখার সুযোগ রয়েছে।
দ্বিতীয় সুবিধাটি হলো নতুন সদস্যদের পুরোনো কথোপকথন পাঠানো। কোনও ব্যক্তি নতুন করে গ্রুপে যুক্ত হলে অ্যাডমিন বা ব্যবস্থাপকেরা তাকে আগের বার্তাগুলো পাঠাতে পারবেন। শুরুতে বার্তার ইতিহাস পাঠাতে ভুলে গেলেও পরে নতুন সদস্যের নামের ওপর ট্যাপ করে তা পাঠানোর সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে পাঠানো পুরোনো বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে।
তৃতীয় সুবিধায় গ্রুপে কাউকে নির্দিষ্ট করে উল্লেখ বা ট্যাগ করা বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে। নতুন ফিল্টার ব্যবহার করে কোনও সদস্যকে উল্লেখ করা বার্তাগুলো আলাদা করে দেখা যাবে। ফলে দীর্ঘ কথোপকথনের মধ্যে নিজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে আর বেশি সময় ব্যয় করতে হবে না।
চতুর্থ সুবিধাটি হলো ‘গ্রুপ স্ট্যাটাস’। এর মাধ্যমে সদস্যরা নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস দিতে পারবেন, যা শুধু ওই গ্রুপের সদস্যরাই দেখতে পাবেন। সাধারণ স্ট্যাটাসের মতোই এটি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। অন্য সদস্যরা এতে প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং নিজেদের স্ট্যাটাসও যুক্ত করতে পারবেন।
নতুন সুবিধাগুলো চালু হলে গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, নতুন সদস্যদের সঙ্গে পুরোনো কথোপকথন ভাগাভাগি এবং সদস্যদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























