Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২১, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার বিষয়কে গুরুত্ব দিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম। রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে দিনব্যাপী এ আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই যুগে সফটওয়্যার মান’।

‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এ সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, প্রযুক্তি উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইও ও সিটিও), নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা এবং সংস্থাটির সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) এ সিম্পোজিয়ামের আয়োজন করছে। একাডেমিক অংশীদার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের শাখা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে স্কোয়াট বাংলাদেশ ২০২৬ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজনের আহ্বায়ক কে এম হাসান।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মোহাম্মদ আক্তার উল আলম, প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।

আয়োজকেরা জানান, দিনব্যাপী সিম্পোজিয়ামে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টার ক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্ল্যানারি অধিবেশন এবং বিভিন্ন কারিগরি সেশন। বিশেষ গুরুত্ব দেয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার টেস্টিং, টেস্ট অটোমেশন ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর।

এ ছাড়া প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন এবং ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। অংশগ্রহণকারীরা বৈশ্বিক প্রযুক্তি খাতের পরিবর্তন, নতুন দক্ষতার চাহিদা এবং আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার বিষয়ে ধারণা পাবেন।

সংবাদ সম্মেলনে বিএসটিবির পক্ষ থেকে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড সফটওয়্যার প্রকৌশলী তৈরিতে অবদান রাখার লক্ষ্য রয়েছে তাদের। এ লক্ষ্য বাস্তবায়নে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স (কিউএ) ও টেস্টিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের প্রকৌশলীদের আন্তর্জাতিক প্রকল্পে কাজের উপযোগী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

একই সঙ্গে দক্ষ প্রকৌশলীদের বৈশ্বিক প্রযুক্তি প্রকল্পে যুক্ত করা এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। আয়োজকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের ফলে সফটওয়্যার উন্নয়ন ও পরীক্ষার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক মান বজায় রাখা এখন সময়ের দাবি।

সিম্পোজিয়ামের পরীক্ষা ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ (ডব্লিউবিটি) অংশীদার হিসেবে রয়েছে জার্মানির আইএকেইআই। প্রযুক্তি অংশীদার হিসেবে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। আর ক্যারিয়ার অংশীদার হিসেবে রয়েছে স্কিল ডটজবস ও বিডিজবস।

আয়োজকেরা জানিয়েছেন, সিম্পোজিয়ামে অংশগ্রহণে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যার মান নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনার কারণে এবারের আয়োজন দেশের প্রযুক্তি পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়