হামলার পর জনশূন্য তেহরানের রাস্তা
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় দেশের ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, রাজধানী তেহরানসহ বড় শহরগুলোর সড়ক এখন প্রায় জনমানবশূন্য এবং সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি দেখা যাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে নাফত স্ট্রিট এলাকায় যান। গাছপালায় ঘেরা এ সড়কের আশপাশে আবাসিক এলাকা এবং এখানেই অবস্থিত এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল-এর প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তাজনিত কারণে ওই বাসিন্দার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানান, পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী একাধিক চেকপোস্ট স্থাপন করেছে এবং সন্দেহজনক যাতায়াত নজরদারিতে রাখা হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে তীব্র যানজটের কারণে যে পথ অতিক্রম করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগত, বর্তমান পরিস্থিতিতে সেখানে পৌঁছাতে খুব অল্প সময়ই লেগেছে।
তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো যে চেকপোস্টে আমাকে থামানো হয়নি। সাধারণত এমন চেকপোস্ট দেখলেই চাপ অনুভব করি, যদিও আমার কাছে কখনো এমন কিছু ছিল না বা আমি এমন কিছু করিনি যার জন্য ভয় পাওয়ার কথা।’
এদিকে কাছের ইরানশাহর স্ট্রিট এলাকার ক্যাফেগুলো সাধারণ সময়ে মানুষের ভিড়ে মুখর থাকলেও এখন সেগুলো পুরোপুরি ফাঁকা হয়ে আছে বলে জানান তিনি। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা সতর্কতার কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
সবার দেশ/এফএস




























