মণিপুরে ফের সহিংসতা, দশ দিনের বন্ধের ডাক
জাতিগত সহিংসতায় উত্তাল উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। চরমপন্থী মেইতেই গোষ্ঠী ‘আরামবাই টেংগোল’-এর সদস্য আসেম কাননের গ্রেফতারের প্রতিবাদে রোববার (৮ জুন) রাজ্যের উপত্যকা অঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার দিনভর ইমফলসহ বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা প্রধান সড়কগুলো টায়ার, কাঠের তক্তা ও অন্যান্য জিনিসপত্র জ্বালিয়ে অবরোধ করে। বহু এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার শেল ও মক বোমা ছুড়ে। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার রাত থেকে রাজ্যজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে স্থানীয় সংগঠনগুলো সোমবার (৯ জুন) থেকে দশ দিনের রাজ্যব্যাপী বন্ধ ডেকেছে।
এদিকে পূর্ব ইমফলের খুরাই এলাকায় এক নারী সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছে, বর্তমানে যারা রাজ্যের বাইরে রয়েছেন, সেইসব বিধায়ককে ১০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে মণিপুরে ফিরে এসে নতুন ‘জনপ্রিয় সরকার’ গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না এলে তাদের ভবিষ্যতে রাজ্যে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, মণিপুরে গত দুই বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে একের পর এক সহিংস সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রায় দুই মাস আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে শান্তি ফেরানোর ঘোষণা দিয়েছিলো। তবে বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, বরং নতুন করে অস্থিরতা বেড়েই চলেছে।
সবার দেশ/কেএম




























